মিনিটের মধ্যে ডেলিভারির রোশনাইয়ে বড় ফাঁক! সুইগির নিজস্ব ব্র্যান্ডের খাবারে মিলল পোকা, কৃমি ও ছত্রাক

অনলাইনে অর্ডার করলেই কি সব দিক থেকে নিশ্চিন্ত থাকা যায়? নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে হরেক রকমের খাবারদাবার এখন মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘরের দরজায় পৌঁছে যাচ্ছে ঠিকই, কিন্তু সেই সমস্ত খাবারের গুণমান ও নিরাপত্তা নিয়ে এবার গুরুতর প্রশ্নচিহ্ন তৈরি হলো। জনপ্রিয় কুইক কমার্স প্ল্যাটফর্ম সুইগি ইনস্টামার্টের (Swiggy Instamart) নিজস্ব ব্র্যান্ড ‘নয়েস’ (Noice)-এর একাধিক জনপ্রিয় পণ্য নিয়ে খোদ ক্রেতারাই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। কারও সিল করা আটার প্যাকেটের ভেতর মরা পোকা বা মাছি মেলার অভিযোগ উঠেছে, তো কেউ আবার দাবি করেছেন দামি চকোলেটের ভেতর থেকে কৃমি বের হয়েছে। এমনকি স্বাস্থ্যকর উপাদানে তৈরি বলে দাবি করা কেকের ভেতর ছত্রাক পাওয়ার ঘটনাও সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হতেই মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে গেছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আটার সিল করা প্যাকেট খোলার আগেই তার ভেতর পোকা দেখতে পাওয়ার মতো ঘটনা। সংশ্লিষ্ট ক্রেতার দাবি, এই ব্র্যান্ডের পণ্য নিয়ে তিনি আগেও নানা সমস্যার মুখে পড়েছেন। অন্যদিকে, ফ্রেঞ্চ চকোলেট রোশার এবং স্বাস্থ্যকর পাম অয়েল-মুক্ত কেক ঘিরেও একই রকম অস্বস্তিকর অভিজ্ঞতা শেয়ার করেছেন অন্যান্য ক্রেতারা। কেকের ক্ষেত্রে সমস্যা নজরে আসার আগেই কিছুটা অংশ খেয়ে ফেলায় শারীরিক ক্ষতি নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। যদিও সুইগির কাস্টমার কেয়ার থেকে টাকা ফেরত দেওয়া হয়েছে, তবে প্রশ্ন উঠছে—শুধুমাত্র টাকা রিফান্ড করলেই কি গ্রাহকদের স্বাস্থ্যঝুঁকি ও আস্থার সংকট দূর হয়?
দ্রুত পণ্য সরবরাহের এই রেষারেষিতে খাবার সংরক্ষণের পদ্ধতি, গুদামঘরের হাইজিন এবং মান নিয়ন্ত্রণ নিয়ে বড়সড় ফাঁকফোকর ধরা পড়ছে। এই ধরণের ঘটনা ঠেকাতে সংস্থাগুলির কড়া নজরদারি থাকা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।