সোমবার রাতে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আকাশসীমায় টহল দেওয়ার সময় আমেরিকার ৩টি যুদ্ধবিমানকে ভুলবশত গুলি করে নামিয়েছে কুয়েতি ডিফেন্স সিস্টেম। সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় আকাশ থেকে আগুনের গোলার মতো দ্রুত গতিতে নেমে আসছে মার্কিন ফাইটার জেট। শুরুতে মনে করা হয়েছিল এটি ইরানের হামলা, কিন্তু তদন্তের পর মার্কিন সেনা জানিয়েছে এটি ‘ফ্রেন্ডলি ফায়ার’ (Friendly Fire)-এর ফল।
সূত্রের খবর, কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ড্রোন বা মিসাইল মনে করে ভুলবশত আমেরিকার বিমানগুলিকে নিশানা করে। এই ঘটনায় মার্কিন পাইলটদের কী অবস্থা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। তবে এই ঘটনার পর ওয়াশিংটন ও কুয়েত সিটির মধ্যে কূটনৈতিক চাপানউতোর তুঙ্গে পৌঁছেছে। ইরানের বিরুদ্ধে লড়াইয়ের মাঝে মিত্রদেশের এই মারাত্মক ভুল আমেরিকার রণকৌশলকে বড়সড় ধাক্কা দিল বলে মনে করা হচ্ছে।