অবশেষে স্বস্তি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধান হলো। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা SIR প্রক্রিয়ায় তাঁর বয়স নিয়ে যে তথ্যের অসঙ্গতি দেখা দিয়েছিল, তা সংশোধিত হওয়ার পর পুনরায় ভোটার তালিকায় স্থান পেল তাঁর নাম। এর আগে নথিপত্রে বয়সের অমিল থাকায় তাঁর নাম তালিকায় থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল, যা নিয়ে রাজ্য রাজনীতিতেও কম চর্চা হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পর অত্যন্ত দ্রুততার সঙ্গে এই অসঙ্গতি দূর করা হয়েছে। শান্তিনিকেতনের ভোটার হিসেবে অমর্ত্য সেনের নাম এখন তালিকায় সুনিশ্চিত। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায় SIR প্রক্রিয়ায় কয়েক লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনায় যখন বিতর্ক তুঙ্গে, তখন খোদ নোবেলজয়ীর নাম নিয়ে জটিলতা মেটা একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন ওয়াকিবহাল মহল। কমিশন জানিয়েছে, তথ্য সঠিক থাকলে কাউকেই ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে না।