মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, দ্রুত গতির গাড়ির ধাক্কায় আহত একাধিক

কলকাতার মা ফ্লাইওভারে আবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সায়েন্স সিটি থেকে পার্কসার্কাসমুখী লেনে একটি দ্রুত গতির গাড়ির ধাক্কায় পরপর চারটি গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও, এখনো পর্যন্ত কারোর মৃত্যুর খবর নেই।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে একটি গাড়ি ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে আসছিল। মা ফ্লাইওভারে যেখানে গতিসীমা ৬০ কিলোমিটার, সেখানে ওই গাড়িটি দ্রুত গতিতে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। কেবল একটি নয়, ধাক্কা মেরে ওই ঘাতক গাড়িটি আরও দুটি গাড়িতে আঘাত করে, যার ফলে চারটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে সরিয়ে নেয় এবং আহতদের উদ্ধার করে। এর ফলে ফ্লাইওভারে যানজট তৈরি হয়। পুলিশ ওই গাড়িচালককে আটক করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
মা ফ্লাইওভারে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এ কারণে রাতে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যদিও পরে তা তুলে নেওয়া হয়। এত সতর্কতা সত্ত্বেও চালকদের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না।