নেপালে শান্তি ফেরাতে এগিয়ে এলেন দেশের প্রথম প্রধান বিচারপতি সুশীলা কার্কি! কতদিন থাকবেন পদে?

এক সপ্তাহেরও বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে উত্তাল ছিল এভারেস্টের দেশ নেপাল। পরিস্থিতি সামাল দিতে না পেরে অবশেষে প্রধানমন্ত্রী পদ ছাড়েন ওলি শর্মা। তার জায়গায় নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির সুপ্রিম কোর্টের প্রথম সাবেক নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। গত শুক্রবার, অর্থাৎ ১২ সেপ্টেম্বর রাতে তিনি এই পদে আসীন হন।
৭৩ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই পদ তিনি আঁকড়ে ধরে বসে থাকবেন না। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তার অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্দেশ্য হলো আগামী ছয় মাসের মধ্যে দেশে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। নির্বাচন শেষ হলেই তিনি তার পদ ছেড়ে দেবেন।
‘জেন জি’দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন দেশ ছাড়েন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই পরিস্থিতিতে, দেশের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে পরিচিত এবং সবার কাছে গ্রহণযোগ্য সুশীলা কার্কিকে দেশের জনগণের দায়িত্ব দেওয়া হয়। তার ওপর ভরসা রেখে আশা করা হচ্ছে, তার নেতৃত্বে নেপালে দ্রুত শান্তি ফিরে আসবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আবার স্বাভাবিক হবে।