২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই সরগরম বাংলার রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝোড়ো প্রচারের পাল্টা দিতে এবার ময়দানে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রের খবর, চলতি মার্চ মাসের শেষ সপ্তাহেই রাজ্যে আসতে পারেন তিনি। মূলত দক্ষিণবঙ্গের বিজেপি প্রার্থীদের সমর্থনে এবং সংগঠনের মনোবল বাড়াতে এই হাই-ভোল্টেজ সফরের পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী আসার খবরে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের অন্দরে সাজ সাজ রব শুরু হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগামী ২৮ বা ২৯ শে মার্চ প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ জেলায় জনসভা করতে পারেন। সূত্রের দাবি, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলার কোনো একটি বড় ময়দানে এই সভা হওয়ার সম্ভাবনা প্রবল। মতুয়া ভোটব্যাঙ্ক এবং শিল্পাঞ্চলের ভোটারদের কাছে টানতেই প্রধানমন্ত্রীর এই বিশেষ সফর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত কয়েক বছরে দক্ষিণবঙ্গে বিজেপির ফল আশানুরূপ না হওয়ায়, এবার খোদ মোদীকে সামনে রেখে মাস্টারস্ট্রোক দিতে চাইছে দিল্লি নেতৃত্ব।
যদিও প্রধানমন্ত্রীর দপ্তরের (PMO) পক্ষ থেকে এখনও চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়নি, তবে রাজ্য বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এসপিজি (SPG) কর্তারা নিরাপত্তা খতিয়ে দেখতে শীঘ্রই রাজ্যে আসতে পারেন। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল চষে ফেলছেন, তখন মোদীর এই আসন্ন সফর বাংলার নির্বাচনী লড়াইকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবে। মার্চের শেষে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।