রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে এল নবান্ন। ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে অর্থ দপ্তর (Audit Branch), যেখানে দেখা যাচ্ছে আগামী মার্চ মাসজুড়ে উৎসব আর ছুটির ছড়াছড়ি। দোলযাত্রা থেকে ইদ—একাধিক বিশেষ দিনে মিলবে ছুটি।
দোলে জোড়া ছুটি:
মার্চের শুরুতেই রঙের উৎসবে মাতবে বাংলা। ৩ মার্চ (মঙ্গলবার) দোলযাত্রা উপলক্ষে সরকারি ছুটি। এর ঠিক পরের দিন অর্থাৎ ৪ মার্চ (বুধবার) হোলি উপলক্ষে অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সপ্তাহের মাঝখানে এই জোড়া ছুটিতে কর্মীদের মুখে চওড়া হাসি।
ইদ ও লং উইকেন্ড:
২০ মার্চ (শুক্রবার) ইদ-উল-ফিতরের আগের দিন হিসেবে বিশেষ ছুটি থাকছে। পরদিন ২১ মার্চ (শনিবার) ইদ উপলক্ষে সাধারণ ছুটি। ফলে শুক্রবার, শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৩ দিনের একটি ‘লং উইকেন্ড’ উপভোগ করতে পারবেন সরকারি কর্মীরা।
অন্যান্য বিশেষ ছুটি:
১৭ মার্চ (মঙ্গলবার) শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে ছুটি থাকবে। এ ছাড়া ২৬ মার্চ (বৃহস্পতিবার) রামনবমী এবং ৩১ মার্চ (মঙ্গলবার) মহাবীর জয়ন্তী উপলক্ষে পাবলিক হলিডে ঘোষণা করা হয়েছে।
এই নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি অফিস, পুরসভা, পঞ্চায়েত এবং সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এন.আই অ্যাক্টের (NI Act) বাইরের কিছু ছুটি কার্যকর নাও হতে পারে।