‘মারাঠি না জানলে মিলবে না পারমিট!’ উত্তাল মহারাষ্ট্র, ৪ঠা মে মুম্বাই স্তব্ধ করার হুঁশিয়ারি অটো চালকদের

মহারাষ্ট্রে অটোরিকশা চালকদের জন্য মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাজ্য মন্ত্রী প্রতাপ সারনাইক ঘোষণা করেছেন যে, এখন থেকে শুধুমাত্র সেই সব চালকদেরই অটোরিকশার পারমিট দেওয়া হবে যারা মারাঠি পড়তে এবং বলতে পারেন। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে উঠেছে অটোরিকশা ইউনিয়নগুলো। আগামী ৪ঠা মে মুম্বাই ও তার পার্শ্ববর্তী উপশহরগুলোতে বড়সড় ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

ধর্মঘটের হুঁশিয়ারি ও রুটি-রুজির সংকট
অটো ইউনিয়নগুলোর দাবি, সরকারের এই নতুন নিয়মের ফলে হাজার হাজার অ-মারাঠিভাষী চালক কর্মহীন হয়ে পড়বেন। তারা মনে করছেন, ভাষা দিয়ে শ্রমজীবীদের বিচার করা অযৌক্তিক। এই সিদ্ধান্তের প্রতিবাদেই ৪ঠা মে চাকা বন্ধের ডাক দেওয়া হয়েছে।

ময়দানে রাজ ঠাকরের এমএনএস
এদিকে, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) এই ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে। থানেতে এমএনএস-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অ-মারাঠিভাষী চালকদের সতর্ক করে বড় বড় ব্যানার টাঙানো হয়েছে। এমএনএস নেতা অবিনাশ যাদব ও সুশান্ত ডোম্বের লাগানো সেই ব্যানারে লেখা রয়েছে, “মারাঠি না জেনে ধর্মঘটের নামে সাধারণ মানুষকে হয়রানি করলে এমএনএস স্টাইলে জবাব দেওয়া হবে।” দলটির দাবি, মহারাষ্ট্রে থাকতে হলে মারাঠি জানতেই হবে।

মন্ত্রণালয়ে জরুরি বৈঠক
পরিস্থিতি সামাল দিতে আজ দুপুর সাড়ে ১২টায় পরিবহন মন্ত্রী প্রতাপ সারনাইক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন। জানা গেছে, শিবসেনা নেতা সঞ্জয় নিরুপমও এই বিষয়ে মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। অটো চালক সংগঠনগুলো মারাঠি ভাষা শেখার জন্য অন্তত ৩ থেকে ৬ মাস অতিরিক্ত সময় দাবি করতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখন দেখার বিষয়, আজকের বৈঠকে কোনো রফাসূত্র বের হয় কি না, নাকি ৪ঠা মে জনজীবন স্তব্ধ করে দেবে অটো ধর্মঘট।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy