মানসিক অবসাদের জেরে চরম সিদ্ধান্ত! ১২ তলা থেকে মরণঝাঁপ দিলেন মা-ছেলে, উদ্ধার সুইসাইড নোট

একমাত্র মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অবসাদে ভুগছিলেন মা। অবশেষে সেই দুশ্চিন্তার জেরে চরম সিদ্ধান্ত নিলেন এক মহিলা। ১১ বছরের বিশেষ ক্ষমতাসম্পন্ন ছেলেকে নিয়ে গ্রেটার নয়ডার একটি বহুতলের ১২ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ৩৭ বছর বয়সি সাক্ষী চাওলা। এই ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেটার নয়ডার ‘এস সিটি’ নামের এক বহুতলে থাকতেন সাক্ষী। তার স্বামী দর্পণ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তাদের একমাত্র ছেলে দক্ষ জন্ম থেকেই বিশেষ ক্ষমতাসম্পন্ন। গত ১০ বছরেরও বেশি সময় ধরে তার চিকিৎসা চলছিল। কিন্তু তাতে কোনো উন্নতি না হওয়ায় সাক্ষী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

ঘটনার সময় সাক্ষী স্বামী দর্পণ বাড়িতেই ছিলেন। হঠাৎ চিৎকার শুনে তিনি ব্যালকনিতে এসে দেখেন, তার স্ত্রী ও ছেলে নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পুলিশ এসে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে সাক্ষী লিখেছিলেন, ‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি…স্যরি। আমরা তোমাকে আর অসুবিধায় ফেলতে চাই না। আমাদের জন্য তোমার জীবন নষ্ট হবে না। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

প্রতিবেশীদের ধারণা, ছেলের মানসিক অসুস্থতা নিয়ে উদ্বেগ থেকেই সাক্ষী এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।