বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার মানেই পর্দায় রুদ্ধশ্বাস স্টান্ট। কিন্তু ২০০৯ সালে ‘ব্লু’ ছবির শুটিংয়ে যা ঘটেছিল, তা আজও বলিউড ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। সমুদ্রের ১৫০ ফুট নিচে কোনো অক্সিজেন সিলিন্ডার ছাড়াই শুটিং করছিলেন অক্ষয়। একটি ডুবে যাওয়া জাহাজের খোলের ভেতর স্টান্ট করার সময় আচমকাই লোহার পাতের ধাক্কায় মাথা ফেটে যায় তাঁর।
জলের নিচে রক্ত ঝরতে শুরু করতেই ঘটে বিপত্তি। রক্তের গন্ধ পেয়ে মুহূর্তের মধ্যে অক্ষয়কে ঘিরে ফেলে প্রায় ৪৫টি ক্ষুধার্ত হাঙর! অভিনেতা জানান, দু-তিনটি হাঙর সরাসরি তাঁর দিকে তেড়ে আসছিল। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে অসীম ধৈর্যের পরিচয় দেন অক্ষয়। তিনি জানতেন, হাত-পা ছুড়লে হাঙররা আরও উত্তেজিত হবে। অসহ্য যন্ত্রণা ও রক্তপাত নিয়েই ধীরস্থিরভাবে সমুদ্রের উপরে উঠে আসেন তিনি। বক্স অফিসে ছবিটি সফল না হলেও, অক্ষয় ফিরেছিলেন এক নতুন জন্ম নিয়ে।