‘মাঠে থাকুন, বিরোধিতা করুন’, তলব এড়িয়ে অভিষেকের অসুস্থতা নিয়ে বিস্ফোরক শমীক ভট্টাচার্য

বিধানসভায় সই-জালিয়াতি কাণ্ডে সিআইডি-র তলব পেয়েও সোমবার ভবানীভবনে হাজিরা দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন বলে দলীয় সূত্রে খবর। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা।

কী বললেন শমীক ভট্টাচার্য? অভিষেকের এই অনুপস্থিতি ও অসুস্থতার খবরে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “আমি ঈশ্বরের কাছে কামনা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, ভালো থাকুন। উনি মাঠে থাকুন, বিরোধিতায় থাকুন, সমালোচনা করুন। একজন বিরোধী নেতার যে ভূমিকা পালন করা উচিত, তিনি তা পালন করুন।” তবে তাঁর এই শুভেচ্ছাবার্তার আড়ালে রাজনৈতিক কটাক্ষের সুরও স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালীঘাটে সিআইডি-র হানা সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ অভিষেকের কালীঘাটের বাসভবনে পৌঁছয় সিআইডি-র একটি দল। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব সংক্রান্ত চিঠিতে বিধায়কদের সই জালিয়াতির অভিযোগ উঠেছে। সেই মামলার তদন্তেই জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল সিআইডি।

এদিকে, একদিকে যখন বিধায়কদের বহিষ্কার ও দলবদলের জল্পনায় উত্তাল তৃণমূল, ঠিক সেই সময়েই এই সই-জাল কাণ্ডে অভিষেককে কেন্দ্র করে তদন্তের গতিপ্রকৃতি নতুন কোনো মোড় নেয় কি না, তা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি।