টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার অন্দরে বড়সড় রদবদল। পদত্যাগ করলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ক্যাম্পবেল উইলসন। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহের বোর্ড মিটিংয়েই তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তবে উত্তরসূরি খুঁজে না পাওয়া পর্যন্ত আগামী সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন।
২০২২ সালে এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণের ঠিক আগে সিঙ্গাপুর এয়ারলাইন্সের দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা নিয়ে নিউজিল্যান্ডের ক্যাম্পবেল উইলসন এখানে যোগ দিয়েছিলেন। ২০২৭ সালের জুলাই পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ থাকলেও এক বছর আগেই তিনি বিদায় নিচ্ছেন। সংস্থার ভোলবদল করতে তিনি ‘বিহান.এআই’ (Vihaan.AI) নামক একটি পাঁচ বছরের উচ্চাকাঙ্ক্ষী রোডম্যাপ তৈরি করেছিলেন, যার লক্ষ্য ছিল পরিষেবার মান উন্নয়ন ও নেটওয়ার্ক বিস্তার।
কিন্তু কেন এই ইস্তফা? ওয়াকিবহাল মহলের মতে, এয়ার ইন্ডিয়া বর্তমানে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষে লোকসান কমার বদলে উল্টে পাল্লা দিয়ে বেড়েছে ঋণের বোঝা। এর ওপর ২০২৫ সালের জুনে আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকে নিয়ামক সংস্থাগুলির কঠোর নজরদারিতে রয়েছে এয়ার ইন্ডিয়া। ক্রমাগত পরিচালনগত সমস্যা এবং লোকসানের চাপ সামলাতে না পেরেই উইলসনের এই প্রস্থান বলে মনে করা হচ্ছে। বর্তমানে বিশ্বমানের বেশ কিছু এয়ারলাইন্স প্রধানের সঙ্গে নতুন সিইও নিয়োগের বিষয়ে আলোচনা শুরু করেছে বোর্ড।





