হুড়মুড়িয়ে নামছে রাজনীতির পারদ। বুধবার হুগলির আরামবাগ ও বলাগড়ে জোড়া নির্বাচনী সভা থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে রণংদেহী মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে নিজের মনোনয়ন পেশ করার পর এদিনই তিনি জেলা সফরে বেরিয়ে পড়েন। আরামবাগের সভা থেকে ভোটার তালিকা সংশোধনী বা ‘SIR’ ইস্যুতে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “মানুষ যদি ভোটই দিতে না পারে, তবে ট্রাইব্যুনালের কী দরকার? কেন আগে তৈরি করে এখন বলছেন ফ্রোজেন? আমরা এর শেষ দেখে ছাড়ব।”
বিজেপিকে ‘বাংলাবিরোধী’ বলে আক্রমণ করে মমতা এদিন বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে সরব হন। তিনি অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ, মাংস ও ডিম খাওয়া বন্ধ করে দেবে। মুখ্যমন্ত্রীর ভাষায়, “বাঙালি মাছে-ভাতে থাকে। বিজেপি বলছে ওসব খাওয়া যাবে না। তবে কি ওরা আমার মাথা খাবে? বিজেপিকে ভোট দেওয়া মানে নিজের ভাষা আর খাবার বন্ধ করা। ওরা প্রথমে দেবে হাজার, তারপর চালাবে বুলডোজার।”
এদিন এনআরসি (NRC) ইস্যুতেও কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া আসলে এনআরসি লাগু করার একটি প্রাথমিক কৌশল বা ‘ছক্কা’। তবে বাংলার মানুষ এই চক্রান্ত সফল হতে দেবে না এবং তৃণমূল এই ‘ছক্কাকে অক্কা করে দেবে’ বলে তিনি হুঁশিয়ারি দেন। নিজের অস্তিত্ব ও ভাষা রক্ষার লড়াইয়ে জোড়াফুলকেই ভরসা করতে আর্জি জানান তিনি।





