‘মাছ জল ছাড়া থাকতে পারে না, আমিও…’ তিন বছর তিন মাস পর জামিনে মুক্তি পেয়েই এবিপি আনন্দ-কে কী বললেন পার্থ চট্টোপাধ্যায়?

নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ তিন বছর তিন মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নাকতলার বাড়িতে ফেরার পর তাঁর পরবর্তী জীবন এবং রাজনীতিতে তাঁর ভূমিকা কী হবে— সেই প্রশ্নই এখন রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় চর্চার বিষয়। এই পরিস্থিতিতে, এবিপি আনন্দ-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, রাজনীতির আদর্শ এবং বিতর্কের বিষয়ে মুখ খুললেন বর্ষীয়ান এই নেতা।
জেলমুক্তির পর নিজের আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “জীবন তো আর শেষ হয়ে যায়নি! প্রথমে নিজেকে সুস্থ করা, কর্মযজ্ঞে ফিরে যাওয়া।” তিনি ম্যানেজমেন্টের একটি উপমা টেনে বলেন, “আমি জীবনে একটা জিনিস বুঝেছি, ম্যানেজমেন্ট পড়তে এবং পড়াতে গিয়ে যা শিখেছি, এর কোনও শেষ নেই। মাছ জল ছাড়া থাকতে পারবে না। কচ্ছপ থাকতে পারে, মাছ পারবে না।”
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি কি রাজনীতি ছাড়া থাকতে পারবেন না? জবাবে প্রাক্তন মন্ত্রী তাঁর রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন: “আমার তো ২১-এর পর থেকে রাজনীতিই প্রধান লক্ষ্য! আমি তো পতাকা ধরে অর্থ অর্জন করতে আসিনি!”
তৃণমূলের আদর্শ প্রসঙ্গে পার্থবাবু বলেন, “আমি একটা আদর্শের উপরে, কী আদর্শ! সবাই জিজ্ঞেস করে তৃণমূলের কী আদর্শ? আমি বলি, তৃণমূলের মূল আদর্শ হল মানুষের সঙ্গে থাকা। মানুষের প্রতিনিধির নামই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দেখে এসেছিলাম। ২৫ বছর তো থাকলাম, আছি। বিধায়ক হয়েছি, বিরোধী দলনেতা হয়েছি।”
তবে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হওয়া এবং দলের তাঁর প্রতি মনোভাব নিয়ে সাক্ষাৎকারের এই অংশে তাঁর প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। এই সমস্ত বিতর্কের বিষয়ে প্রাক্তন মন্ত্রী কী মুখ খোলেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।