মাওবাদী দমনে বড় সাফল্য, ১০ লাখ টাকা মাথার দাম থাকা নেতাকে খতম করল বাহিনী

মাওবাদী দমনে আরও একটি বড় সাফল্য পেল দেশের নিরাপত্তাবাহিনী। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার বুর্জুয়া হিল এলাকায় এক এনকাউন্টারে খতম হয়েছে ১০ লাখ টাকা পুরস্কার থাকা কুখ্যাত মাওবাদী নেতা অমিত হাঁসদা ওরফে আপ্তান। রবিবার সকালে ঝাড়খণ্ড পুলিশ আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে।

কীভাবে ঘটল এনকাউন্টার?

পুলিশ সুপার পারস রানা জানান, অনেকদিন ধরেই অমিত হাঁসদার খোঁজে তল্লাশি চলছিল। ঝাড়খণ্ডের রেলাপারাল এলাকায় মাওবাদীদের সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে রবিবার ভোরে পুলিশ এবং সিআরপিএফ-এর কোবরা কম্যান্ডোদের একটি বিশেষ দল অভিযান শুরু করে।

নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনী। দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারে অমিত হাঁসদা মারা যায়। গুলির লড়াই শেষে তল্লাশি চালানোর সময় তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, আরও কয়েকজন মাওবাদী গভীর জঙ্গলে পালিয়ে গেছে। তাদের খোঁজে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চলছে। অমিত হাঁসদার মৃত্যু মাওবাদী দমনে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।