মহাসপ্তমীর ভিড়ে রেলপথে চরম সতর্কতা, 24 ঘণ্টার ‘ওয়াররুম’ থেকে শিয়ালদা সেকশনে চলছে সিসিটিভি নজরদারি

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে সপ্তমী থেকে উৎসবের উদ্দীপনা তুঙ্গে। এই পরিস্থিতিতে পূর্ব রেলের শিয়ালদা সেকশনে যাত্রীদের ভিড় এখন উপচে পড়ছে। পুজোর এই গুরুত্বপূর্ণ দিনগুলিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি করে জোর দিচ্ছে কর্তৃপক্ষ।
এই বিশেষ নজরদারির জন্য শিয়ালদা দক্ষিণ ও উত্তর শাখার একাধিক স্টেশন নিয়ে মোট ১২টি ক্লাস্টার তৈরি করা হয়েছে। এই ক্লাস্টারগুলির সিসিটিভি ফুটেজ সরাসরি 24 ঘণ্টার ওয়াররুম থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
2200 ক্যামেরার নজরদারি, তৈরি ‘ওয়াররুম’
গোটা ডিভিশন জুড়ে রয়েছে 2200-রও বেশি সিসিটিভি ক্যামেরা। এই সবক’টি ক্যামেরা থেকে লাইভ ফিড একটি কেন্দ্রীয় ওয়াররুমে আসছে। মূলত পুজোকে কেন্দ্র করে যে স্টেশনগুলিতে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে, সেগুলিকে চিহ্নিত করে এই ১২টি স্বতন্ত্র ক্লাস্টারে রাখা হয়েছে।
এই ১২টি ক্লাস্টারের স্টেশনগুলিতে বসানো ক্যামেরার ফুটেজ সরাসরি ওয়াররুমে আসার কারণে ভিড় স্টেশনে মুহূর্তের গতিবিধির উপর নজরদারি চালানো সম্ভব হচ্ছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি নজরে এলে তৎক্ষণাৎ আরপিএফ (RPF) ও জিআরপি (GRP)-কে খবর দেওয়া হচ্ছে, এবং সেই মতো আধিকারিকরা পদক্ষেপ নিচ্ছেন। এমনকি গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত থাকছেন।
নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ
লাইভ ফুটেজের সাহায্যে ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বড় সাহায্য পাচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ। কোনও স্টেশনে অতিরিক্ত ভিড় হলে বা ট্রেনের গেটে যাত্রীদের ঝুলতে দেখলে সঙ্গে সঙ্গে রেল পুলিশের কর্মীরা পৌঁছে যাচ্ছেন। পাশাপাশি, কোনও যাত্রী যাতে প্ল্যাটফর্মের ধারে অসতর্কভাবে দাঁড়িয়ে না-থাকেন, তাও নিশ্চিত করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, বহুক্ষেত্রে দেখা গিয়েছে মানুষজন তাড়াহুড়োয় অসতর্কভাবে লেভেল ক্রসিং পারাপার করছেন, ফুটওভার ব্রিজ ব্যবহার না-করে রেললাইন ক্রস করছেন, বা কানে হেডফোন দিয়ে রেললাইন পারাপার করছেন। এমনকি সেলফি তোলার হিড়িকেও অনেকে বড় বিপদ ঘটাচ্ছেন। এসবের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে এবং কেউ নিয়ম লঙ্ঘন করলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।
শহর ও শহরতলি থেকে আসা দর্শনার্থীদের সুবিধার জন্য একাধিক রাত্রিকালীন পরিষেবা চালানো হচ্ছে। শিয়ালদা ছাড়াও হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে এবং ভিড় সামলাতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কর্মীদের মোতায়ন করা হয়েছে।