মহালয়ার সকালেই চমক! গান গাইলেন মমতা, প্রকাশ পেল তাঁর লেখা ১৭টি গান, পুজোয় নতুন চমক!

মহালয়ার শুভ দিনে ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হয়ে গেল। আর এই দিনেই গানের অ্যালবামের মাধ্যমে চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র এক অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে গানও গাইলেন তিনি।

এই গানের অ্যালবামের উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ থেকে সাড়ে চার বছর আগে আমাদের মুখপত্র দৈনিক প্রকাশ করা হয়েছিল। আজ মহালয়ার সঙ্গেই পুজো শুরু হয়ে গেল।” শৈশবের স্মৃতিচারণা করে তিনি বলেন, “ছোটবেলায় পুজো মাত্র চার দিন চলত। এখন আমাদের সরকারের উদ্যোগে, পুজোর প্রসার ঘটেছে। মহালয়া থেকেই মানুষ রাস্তায় নেমে ঠাকুর দেখতে শুরু করে।”

পুজোর অনুদান থেকে শিল্পীদের সম্মান
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পুজো ক্লাবগুলোকে আর্থিক সাহায্য দিচ্ছে। তিনি প্রার্থনা করেন, “মায়ের কাছে প্রার্থনা অশুভ শক্তির বিনাশ হোক। জয় হোক বাঙালির, জয় হোক বাংলার। যারা বাংলাকে কলুষিত করে বলেছিল এখানে দুর্গাপূজা হয় না, তাদের জবাব দিয়েছে UNESCO।”

তিনি আরও জানান, এবার বাংলার পুজোর ক্ষেত্রে বহু কিছু বিনামূল্যে করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “এবার সবটাই ফ্রিতে। শুধু ক্লাবগুলোকে আর্থিক সাহায্য নয়। যে সব শিল্পী এসেছেন, তাঁরা বাংলার গর্ব।”

‘আমি শিল্পী নই’, তবু গাইলেন মুখ্যমন্ত্রী
নিজের লেখা ও সুর দেওয়া সত্ত্বেও গান গাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা দ্বিধা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি শিল্পী নই। আমার গলা খারাপ। আমাকে ইন্দ্রনীল সব অনুষ্ঠানে ডিস্টার্ব করে। ওরা রেওয়াজ করে আসে। গতকাল বৃষ্টিতে ভিজে আমার গলাও ফুলেছে।” তবুও তিনি মন্ত্রী ইন্দ্রনীল সেন ও উপস্থিত দর্শকদের অনুরোধ ফেলতে পারেননি। ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে ‘জাগো দুর্গা’ গানটি পরিবেশন করেন তিনি।

এই দুর্গাপূজায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মোট ১৭টি গান প্রকাশ পেয়েছে। বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতিকে কেন্দ্র করে লেখা হয়েছে এই গানগুলো। একটি নতুন গানে তিনি লিখেছেন, “ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান।” এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। জানা গেছে, এবার প্রায় ৩ হাজারের বেশি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার লেখা ও সুরে দুটি সিডি প্রকাশিত হয়েছে, যেখানে ইন্দ্রনীল সেন, নচিকেতা, রাঘব, শ্রীরাধা, তৃষা সহ আরও অনেক শিল্পী গান গেয়েছেন।