মহালয়ার ভোরে রেড রোডে বিরাট চমক! ইডেন মাতাতে আসছে ৩ হাজার ঢাক আর ৪ হাজার শঙ্খধ্বনি

দুর্গোৎসবকে কেন্দ্র করে এবার রাজ্যজুড়ে মাসব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর। কলকাতা থেকে উত্তরবঙ্গ, জঙ্গলমহল থেকে সমুদ্রসৈকত—বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মহালয়ার পুণ্যলগ্নে আজ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে দুর্গোৎসবের এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের।

মূল অনুষ্ঠান শুরুর আগে রেড রোড থেকে হেঁটে ইডেন গার্ডেন্সে পৌঁছবেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। তার আগে রেড রোডে বাংলার বিভিন্ন জেলার লোকশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রাজ্যের ১২টি জেলার পৃথক সাংস্কৃতিক প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে বাংলার লোকসংস্কৃতি, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী শিল্পকলা। সরকারি এই মেগা আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্থানীয় ও গ্রামীণ শিল্পীদের প্রতি।

ইডেন গার্ডেন্সে থাকছে ত্রিমাত্রিক আলোকচিত্র প্রদর্শনী, অত্যাধুনিক লেজ়ার শো, চোখধাঁধানো আতশবাজি এবং এক ঝাঁক তারকা শিল্পীর পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় তিন হাজার ঢাকের বাদ্যি এবং চার হাজার শঙ্খধ্বনিতে মহালয়ার আবহকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। শুধু কলকাতাই নয়, দুর্গোৎসবের এই সাংস্কৃতিক আবহ ছড়িয়ে দেওয়া হবে জেলায় জেলায়। আগামী ১১ থেকে ১৫ অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, বিষ্ণুপুর, মালদহ, বহরমপুর এবং নিউ দিঘায় জমজমাট সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অনুষ্ঠানগুলিতে অংশ নেবেন স্থানীয় শিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠনের সদস্যেরা।

পাশাপাশি, গঙ্গার দুই পাড়কেও সুসজ্জিত করার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ১০ থেকে ২৬ অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমোরটুলি ঘাট এবং মিলেনিয়াম পার্ক-সহ একাধিক ঘাটে বিশেষ আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধান আকর্ষণ হিসেবে চারটি আলাদা স্থানে অনুষ্ঠিত হবে জমকালো গঙ্গা আরতি। আগমনী ও বিসর্জন উপলক্ষে তৈরি করা হয়েছে দুটি নতুন গান, যা উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দেবে। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের প্রথম এই দুর্গোৎসব উপলক্ষে সরকারি সাংস্কৃতিক আয়োজনে আনা হয়েছে অভিনবত্ব। বিজয়ার পরে ঐতিহ্যবাহী রেড রোডের কার্নিভালের পরিবর্তে এবার মহালয়া থেকেই জেলায় জেলায় উৎসবের ঢেউ ছড়িয়ে দেওয়ার নজিরবিহীন উদ্যোগ নেওয়া হয়েছে। ইডেন গার্ডেন্স ও রেড রোডে বিপুল জনসমাগমের সম্ভাবনা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ও সুদৃঢ় নিরাপত্তার ব্যবস্থা।