মহালয়ার ভোরে মর্মান্তিক ঘটনা, তর্পণে নেমে মায়ের হাত ফসকে গঙ্গার স্রোতে তলিয়ে গেল কিশোরী

মহালয়ার পুণ্যলগ্নে বিষাদের সুর। তর্পণ করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল ১২ বছরের এক কিশোরী। মহালয়ার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটে। মেদিনীপুরের খড়গপুর থেকে পরিবারের সঙ্গে তর্পণ করতে এসেছিল ওই কিশোরী।

জানা গেছে, রবিবার ভোর থেকেই জেলার বিভিন্ন গঙ্গা ঘাটে বিপুল সংখ্যক মানুষের ভিড় ছিল। উলুবেড়িয়া কালীবাড়ি ঘাটেও একই চিত্র দেখা যায়। তখন নদীতে ভাটা চলছিল এবং জলের স্রোত ছিল প্রবল। এই পরিস্থিতিতেই পরিবারের সঙ্গে তর্পণ করছিল ওই কিশোরী।

আচমকাই মায়ের হাত ফসকে স্রোতের টানে সে তলিয়ে যায়। একই সময় আরও তিনজন প্রবল স্রোতে ভেসে গিয়েছিল, তবে তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু ১২ বছরের ওই কিশোরীর কোনো খোঁজ মেলেনি। প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

খড়গপুর গোলবাড়ি থেকে আসা পরিবারটিতে এখন শোকের মাতম। মেয়ের সন্ধানে নদীর ঘাটে চলছে হাহাকার। পুলিশ এবং ডুবুরিরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুজোর আগে এমন মর্মান্তিক দুর্ঘটনা সকলকে স্তব্ধ করে দিয়েছে।