মহালয়ার আগে পুজো উদ্বোধন একদম নয়! ট্রাফিক জ্যাম এড়াতে কলকাতার ১৩টি প্রধান রাস্তা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ শারদোৎসব। নতুন সরকারের অধীনে পুজো পরিচালনার যাবতীয় নিয়মকানুন ও রূপরেখা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলনমেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেবীপক্ষ বা মহালয়া শুরু হওয়ার আগে কোনোভাবেই দুর্গাপুজোর উদ্বোধন করা যাবে না। বিগত তৃণমূল সরকারের জমানায় মহালয়ার অনেক আগেই পুজো উদ্বোধন শুরু হয়ে যাওয়ার যে প্রবণতা ছিল, তাতে এবার সম্পূর্ণ রাশ টানা হলো।

উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থার কথা মাথায় রেখে কড়া প্রশাসনিক নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর ক’দিন সারা রাজ্যে কোনোভাবেই জাতীয় সড়ক আটকানো যাবে না। বিশেষ করে কলকাতার ক্ষেত্রে যানজট এড়াতে শহরের ১৩টি গুরুত্বপূর্ণ রাস্তা আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে পুজো করা নিষিদ্ধ করা হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে রেড রোড, ডি এল খান রোড, লেনিন সরণি, প্রিন্স আনোয়ার শাহ রোড এবং পার্ক সার্কাস কানেক্টর-সহ একাধিক ব্যস্ততম সড়ক।

পাশাপাশি, পূর্বের সরকারের আমলের জাঁকজমকপূর্ণ কার্নিভালের প্রথাও এবার বাতিল করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের উৎসাহ দিতে ‘শারদ সম্মান’-এর আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। সনাতনী সংস্কৃতি ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর এই পদক্ষেপে শহরের নাগরিক জীবন পুজোর দিনগুলিতেও স্বাভাবিক থাকবে বলেই আশা করা হচ্ছে।