মহালয়াতেই আবহাওয়ার পরিবর্তন! নিম্নচাপের প্রভাবে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, উত্তাল হবে সমুদ্র

হাতে আর মাত্র কয়েকটা দিন, আর তার মধ্যেই দুর্গাপূজার আগে আবহাওয়ার বড়সড় পরিবর্তন নিয়ে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ষষ্ঠীর দুদিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে পুজোর আনন্দ কিছুটা হলেও ফিকে হতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হতে পারে। এই তালিকায় আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।
২৫ ও ২৬ সেপ্টেম্বর (সোমবার ও মঙ্গলবার): এই চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও বাকি জেলা: সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়া থেকেই বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের থেকে সম্পূর্ণ বিপরীত চিত্র থাকবে উত্তরবঙ্গে। সেখানে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে উত্তরের কোনো জেলাতেই তেমন বৃষ্টি হবে না, কেবল দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।