বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ ফের একবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বিভাজনের রাজনীতি করে এসেছেন, কিন্তু এবার আর সেই কৌশল খাটবে না। দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় জানান যে, সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তৃণমূলের এই ‘বিভাজনের ফাঁদ’ তারা ধরে ফেলেছে।
তাঁর মতে, ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে তুষ্ট করা এবং অন্যদের বঞ্চিত করার যে ধারা তৃণমূল বজায় রেখেছে, তা রাজ্যের গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক। দিলীপ ঘোষ হুঙ্কার দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন তিনি প্রতিবারই মানুষকে বিভ্রান্ত করে পার পেয়ে যাবেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। মানুষ মুখিয়ে আছে যোগ্য জবাব দেওয়ার জন্য।” আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দিলীপের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।





