বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের মনোনয়ন জমাকে কেন্দ্র করে বুধবার এক বর্ণাঢ্য মিছিলের সাক্ষী থাকল বেহালা। ঢাক-ঢোল, ঢাকের বাদ্যি আর পুরুলিয়ার ছৌ-নাচকে সামনে রেখে কয়েক হাজার কর্মী-সমর্থকদের নিয়ে এই মিছিলে প্রধান আকর্ষণ ছিলেন শুভেন্দু অধিকারী। এদিন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়া নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও হারাব। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব।”
বক্তব্যের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শুভেন্দু। বেহালার পুকুর ভরাট এবং স্থানীয় কাউন্সিলরদের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই এলাকাকে চোরমুক্ত করতে শঙ্কর শিকদারকে জেতান।” মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি মন্তব্য করেন, “ভাল ফিনাইল ও ব্লিচিং পাউডার রেডি রাখুন, ওঁর মুখ পরিষ্কার করতে হবে। আমরা বাংলাকে গ্রেটার বাংলাদেশ হতে দেব না।” নারী সুরক্ষা, বেকারদের চাকরি এবং সিন্ডিকেট মুক্ত বাংলার দাবিতে এদিন তিনি সরব হন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, “কাশ্মীর থেকে সেনা আসছে, এবার ভয়মুক্ত ভোট হবে। ঘরে ঘরে প্রচার আর বুথে এজেন্ট দিন, জয় নিশ্চিত।”





