বাংলার রাজনীতির অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াইয়ের গল্প এবার আসতে চলেছে সেলুলয়েডে। ‘দ্যা আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’ (The Untold Story of Banerjee) নামক একটি ২৫ মিনিটের ডকু-ফিচার তৈরির কাজ এখন তুঙ্গে। সোমবার কলকাতা প্রেস ক্লাবে এই তথ্যচিত্রের টিজার লঞ্চ হতে চলেছে। নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের যাবতীয় ‘অপপ্রচারের’ জবাব দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন নির্মাতারা।
কী আছে এই তথ্যচিত্রে?
১৯৯৩ থেকে ২০২৬— এই দীর্ঘ কালখণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চড়াই-উতরাই এবং ‘দিদি’ হয়ে ওঠার বিবর্তন ক্যামেরায় বন্দি করেছেন পরিচালক রাহুল সাহা। শুধু তাই নয়, এই ছবিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানকেও। প্রযোজক জুনেইদ খানের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত, যা অনেকেরই অজানা।
আবেগের টানে বিক্রি করলেন ফ্ল্যাট:
আরকে এন্টারটেইনমেন্টের ব্যানারে এই তথ্যচিত্রটি প্রযোজনা করছেন জুনেইদ খান, যিনি নিজে ছবিতে অভিষেকের চরিত্রে অভিনয়ও করেছেন। মমতার প্রতি আবেগ এবং অভিষেককে ‘আইডল’ মেনে এই কাজের জন্য নিজের পঞ্চান্ন গ্রামের একটি ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করে দিয়েছেন তিনি। বর্তমানে রমজানের কারণে শুটিং সাময়িক বন্ধ থাকলেও, বিধানসভা ভোটের আগেই এই তথ্যচিত্র মুক্তি পাবে বলে আশাবাদী নির্মাতা গোষ্ঠী। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এই ছবির শুটিং।