রাজ্যে ভোটের বাদ্যি বাজতেই সক্রিয় নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত কলকাতার পরিস্থিতি সামাল দিতে আজ, শুক্রবার উত্তর ও দক্ষিণ কলকাতার রিটার্নিং অফিসার ও অবজার্ভারদের নিয়ে বিশেষ বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মূলত ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির জেরেই এই তৎপড়তা।
বৈঠকের মূল এজেন্ডা:
কমিশন সূত্রে খবর, কলকাতায় নগদ অর্থ উদ্ধারের ঝোড়ো অভিযান কেন হচ্ছে না, তা নিয়ে রিটার্নিং অফিসারদের কাছে কৈফিয়ত চাওয়া হবে। পাশাপাশি, মনোনয়ন স্ক্রুটিনির ক্ষেত্রেও বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড থাকা ব্যক্তিদের সরকারি নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কমিশন। আজ দুপুর ১২টার মধ্যে এই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে রাজ্য পুলিশের নোডাল অফিসারকে।
জেলায় জেলায় সফর:
কলকাতার বৈঠকের পরই এবার জেলা সফরে বেরোচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। চলতি সপ্তাহেই তিনি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন। জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে প্রস্তুতির পর্যালোচনা করবেন তিনি। স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত ইতিমধ্যেই বৈঠক শুরু করেছেন, এবার কোমর বেঁধে নামছে খোদ কমিশনও।





