মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বন্ধ হরমুজ প্রণালী! ভারতের হেঁশেল বাঁচাতে দেবদূতের মতো এল মেসির দেশ

ইরান-ইজরায়েল-আমেরিকা যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। এই সংঘাতের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের জ্বালানি সরবরাহে। বিশেষ করে রান্নার গ্যাসের (LPG) জোগানে বড়সড় টান পড়েছে দেশে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৯০ শতাংশই পূরণ হয় উপসাগরীয় দেশগুলি থেকে। বর্তমানে সেই সরবরাহ পথ বন্ধ থাকায় চরম সংকটে পড়েছে ভারত।

তবে এই কঠিন সময়ে ভারতের ত্রাতা হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। ২০২৬ সালের শুরু থেকেই লিওনেল মেসির দেশ থেকে এলপিজি আমদানির পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ভারত। আরগাস মিডিয়া এবং দ্য ইকোনমিক টাইমস-এর তথ্য অনুযায়ী, গত তিন মাসেই আর্জেন্টিনা থেকে প্রায় ৫০ হাজার টন এলপিজি ভারতে পৌঁছেছে, যা ২০২৫ সালের মোট আমদানির তুলনায় প্রায় দ্বিগুণ। ২০২৪ সালের আগে যেখানে আর্জেন্টিনার সাথে ভারতের জ্বালানি বাণিজ্যের কোনও অস্তিত্বই ছিল না, সেখানে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেশটি ভারতের অন্যতম নির্ভরযোগ্য ভরসা হয়ে উঠেছে।

তবে বিশেষজ্ঞদের মতে, আর্জেন্টিনা এখনই মধ্যপ্রাচ্যের দেশগুলির পূর্ণ বিকল্প হয়ে উঠতে পারবে না। এর প্রধান কারণ হল ভৌগোলিক দূরত্ব। দক্ষিণ আমেরিকা থেকে ভারতে এলপিজি নিয়ে আসতে সময় অনেক বেশি লাগে এবং পরিবহন খরচও মধ্যপ্রাচ্যের তুলনায় অনেকটা চড়া। ফলে দীর্ঘমেয়াদী সংকটে জ্বালানির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy