মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এবার মধ্যবিত্তের পকেটে! একধাক্কায় কতটা বাড়ল পেট্রোলের দাম?

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাব এবার সরাসরি আছড়ে পড়ল ভারতের বাজারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম আকাশছোঁয়া হতেই শুক্রবার থেকে দেশে জ্বালানির দামে বড়সড় বদল এল। আন্তর্জাতিক বাজারে তেলের ব্যারেল প্রতি দাম ১১০ ডলার ছাড়িয়ে যেতেই ভারতে প্রিমিয়াম পেট্রোল (Premium Petrol) এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম একধাক্কায় অনেকটা বাড়ানো হয়েছে।

সরকারি তেল সংস্থাগুলির ঘোষণা অনুযায়ী, আজ ২০ মার্চ থেকে প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২.০৯ টাকা থেকে ২.৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে দিল্লি, কলকাতা ও মুম্বইয়ের মতো মেট্রো শহরগুলিতে হাই-স্পিড পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে অনেক দূর এগিয়ে গিয়েছে। শুধুমাত্র পেট্রোল নয়, শিল্পক্ষেত্রে ব্যবহৃত বাল্ক ডিজেলের (Bulk Diesel) দামও লিটার প্রতি প্রায় ২২ টাকা বেড়েছে, যা পরোক্ষভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সাধারণ গ্রাহকদের কিছুটা স্বস্তি দিয়ে রেগুলার পেট্রোল ও সাধারণ ডিজেলের দাম আপাতত স্থিতিশীল রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ মার্চ ঘরোয়া রান্নার গ্যাসের (LPG) দাম একলাফে ৬০ টাকা বাড়িয়েছিল সরকার। সেই রেশ কাটতে না কাটতেই জ্বালানির এই দাম বৃদ্ধি মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় আগামী দিনে সাধারণ পেট্রোলের দামও বাড়তে পারে বলে ইঙ্গিত দিচ্ছে ওয়াকিবহাল মহল। বর্তমানে কলকাতায় সাধারণ পেট্রোল ১০৫.৪৫ টাকা এবং ডিজেল ৯২.০২ টাকায় বিক্রি হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy