২০২৬-এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা বা ‘পোস্ট-পোল ভায়োলেন্স’ রুখতে এবার কোমর বেঁধে নামছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট শেষ হলেই সচরাচর কেন্দ্রীয় বাহিনী বিদায় নেয়, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই নিয়মে আসছে আমূল বদল। কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, এবার ভোট মেটার পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অর্থাৎ ‘অনির্দিষ্টকালের’ জন্য রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।
সূত্রের খবর, নির্বাচনের ফল ঘোষণার পর যে রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা থাকে, তা নির্মূল করতেই এই পরিকল্পনা। রাজ্যের প্রতিটি স্পর্শকাতর এলাকায় ৫০০ কোম্পানি বা প্রায় ৫০,০০০ আধাসেনা মোতায়েন রাখা হবে। যতক্ষণ না স্থানীয় প্রশাসন ও কমিশন নিশ্চিত হচ্ছে যে শান্তি ফিরেছে, ততক্ষণ এই বাহিনী ব্যারাকে ফিরবে না। বিশেষ করে গত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই কমিশনের এই ‘অ্যাকশন প্ল্যান’। শাসক হোক বা বিরোধী—হিংসার পথে হাঁটলেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জওয়ানদের। এই নজিরবিহীন নিরাপত্তা বলয় কি পারবে বাংলার ভোটের ময়দানে শান্তির আবহ বজায় রাখতে? উত্তরের অপেক্ষায় সাধারণ মানুষ।





