আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে নজিরবিহীন পরিকল্পনা নিল ভারতের নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবারের নির্বাচনে ২০২১ সালের তুলনায় পর্যবেক্ষক বা অবজারভারের সংখ্যা প্রায় দ্বিগুণ করা হতে পারে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে জেনারেল অবজারভার এবং স্পর্শকাতর এলাকাগুলির জন্য একাধিক পুলিশ অবজারভার নিয়োগের পরিকল্পনা রয়েছে কমিশনের।
সোমবার কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কমিশনের ফুল বেঞ্চের সাথে প্রশাসনিক বৈঠকের পরেই এই কঠোর মনোভাব স্পষ্ট হয়। কমিশন জানিয়েছে, রাজ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও তা সুষ্ঠু ভোট পরিচালনায় বড় বাধা হবে না। তবে ভোট অবাধ ও নিরপেক্ষ রাখতে কোনো প্রকার আপস করা হবে না। সেই লক্ষ্যে বৃহস্পতিবার রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য ২৯৪ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।
অতীতে একজন পর্যবেক্ষককে একাধিক কেন্দ্রের দায়িত্ব সামলাতে হলেও, এবার কমিশন ‘মাইক্রো প্ল্যানিং’-এর ওপর জোর দিচ্ছে। আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষণের জন্য এক্সপেন্ডিচার অবজারভারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়ায় গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের এই তৎপরতা বাংলার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।