ভোট দিতে গিয়ে এবার বুথের অন্দরে বড়সড় চমক পেতে চলেছেন ভাঙড়ের ভোটাররা। সাধারণত একটি ইভিএমেই ভোট দিয়ে অভ্যস্ত আমজনতা, কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্রে লড়াই হবে দু’টি ইভিএমে। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ভাঙড়ই একমাত্র কেন্দ্র, যেখানে এই অভূতপূর্ব চিত্র দেখা যাবে।
কেন এই জোড়া ইভিএম?
নির্বাচন কমিশন সূত্রে খবর, ভাঙড় কেন্দ্রে এবার মোট ১৯ জন প্রার্থী নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছেন। একটি সাধারণ ইভিএম মেশিনে (ব্যালট ইউনিট) সর্বোচ্চ ১৬টি বোতাম থাকে, যেখানে ১৫ জন প্রার্থীর নাম এবং ১৬ নম্বরে ‘নোটা’ (NOTA) থাকে। যেহেতু ভাঙড়ে প্রার্থীর সংখ্যা ১৯, তাই ১৬ জনের বেশি প্রার্থী হওয়ায় একটি মেশিনে সবার জায়গা সংকুলান সম্ভব হচ্ছে না। ফলত, বাধ্য হয়েই দ্বিতীয় ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ভাঙড়ের প্রার্থীর সমীকরণ
এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৭ জন প্রার্থীর পাশাপাশি ১২ জন নির্দল প্রার্থী লড়াই করছেন। ফলে প্রথম ইভিএমে ১৬ জন প্রার্থীর নাম থাকবে এবং দ্বিতীয় ইভিএমে বাকি ৩ জন প্রার্থী ও ‘নোটা’-র বোতাম থাকবে। এই বিধানসভার ৩০৪টি বুথেই এই জোড়া মেশিনের ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, কোচবিহার দক্ষিণ বা ইটাহারের মতো কেন্দ্রেও প্রার্থীর সংখ্যা বেশি থাকলেও তা ১৫-তে এসে থমকেছে, ফলে সেখানে একটি মেশিনেই কাজ মিটে যাচ্ছে।
ভোটের নির্ঘণ্ট ও পরিসংখ্যান
রাজ্যে এবার ২৩ ও ২৯ এপ্রিল— দুই দফায় ভোটগ্রহণ হবে।
প্রথম দফা (২৩ এপ্রিল): ১৫২টি আসনে লড়াই করছেন ১৪৭৮ জন প্রার্থী।
দ্বিতীয় দফা (২৯ এপ্রিল): ১৪২টি আসনে প্রার্থীর সংখ্যা ১৪৪৮ জন।
ভাঙড়ে প্রার্থীর সংখ্যা সবথেকে বেশি (১৯) হলেও, হুগলির গোঘাট কেন্দ্রে সবথেকে কম মাত্র ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪ মে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।





