“ভোটের ৪৮ ঘণ্টা আগেও ভোটার তালিকায় নাম?”- সুপ্রিম রায়ের পর কর্মীদের যে টাস্ক দিলেন মমতা!

বাতিল ভোটারদের ভোটাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে বড়সড় স্বস্তি পেল শাসকদল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ সফর চলাকালীন কোচবিহারের হেলিপ্যাডে নেমে এই সুখবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি স্পষ্ট জানান, এই আইনি লড়াই তাঁর নিজের উদ্যোগে শুরু হয়েছিল এবং আজকের জয়ে তিনি গর্বিত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “সকলকে অভিনন্দন। আমিই মামলা করেছিলাম, তাই আজ আমার চেয়ে খুশি আর কেউ নয়। বিচারব্যবস্থার ওপর আমার ভরসা ছিল।”

এদিন কেবল আনন্দ প্রকাশই নয়, দলীয় কর্মীদের জন্য কড়া নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী। নিয়ম অনুযায়ী ভোটের আগে তালিকা ‘ফ্রিজ’ হয়ে গেলেও, সুপ্রিম কোর্ট জানিয়েছে ট্রাইবুনালের অনুমোদন পেলে ভোটের মাত্র দু’দিন আগেও নাম তোলা যাবে। এই সুযোগ কাজে লাগাতে মমতা বলেন, “২১ তারিখ প্রথম দফার ভোটের জন্য অতিরিক্ত তালিকা প্রকাশ হবে। ওই তালিকা পাওয়ার সাথে সাথে রাতের মধ্যে স্লিপ তৈরি করে কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। যাতে একজনও বাদ পড়া ভোটার ভোটদান থেকে বঞ্চিত না হন।”

উল্লেখ্য, রাজ্যে এসআইআর যাচাইকরণ প্রক্রিয়ায় লক্ষাধিক নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শীর্ষ আদালতের এই রায়ের ফলে সেই জট কাটল। ২৯ এপ্রিলের দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও একই তৎপরতা দেখানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটারদের আশ্বস্ত করে তিনি জানান, আতঙ্কিত হওয়ার কারণ নেই, ট্রাইবুনালের সবুজ সংকেত পেলেই মিলবে ভোটাধিকার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy