ভোটের মুখে রণক্ষেত্র তিলজলা! গভীর রাতে ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলি

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে ফের একবার শ্যুটআউটের ঘটনায় রক্তাক্ত হল তিলজলা। সোমবার গভীর রাতে বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোডে মহম্মদ নিয়াজ (২৫) নামে এক যুবককে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল। গুরুতর জখম অবস্থায় ওই ব্যবসায়ীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, রাত ১টা নাগাদ স্থানীয় দুষ্কৃতী মহম্মদ সলমন নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এই হামলা চালায়।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও জখমের পরিবার। তাঁদের দাবি, বেনিয়াপুকুর থানা প্রথমে অভিযোগ নিতে অনীহা দেখায় এবং পরিবারের সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করে। স্থানীয়দের অভিযোগ, সলমন এলাকায় কুখ্যাত তোলাবাজ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে আগে পদক্ষেপ করলে এই রক্তপাত এড়ানো যেত। গোলপার্কের ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরের বুকে এই শ্যুটআউটের ঘটনায় ভোটের আগে সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy