সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে মহিলা সংরক্ষণ বিল নিয়ে নতুন করে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে একটি বিশেষ সংসদীয় অধিবেশন ডেকে তড়িঘড়ি এই বিল পাশ করাতে চাইছে মোদি সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় বিরোধীদের প্রশ্নের মুখে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই বিশেষ সেশন ডাকার পরিকল্পনা রয়েছে সরকারের। ১৬ থেকে ১৮ এপ্রিলের মধ্যে এই বিল পেশ ও আলোচনার সম্ভাবনা নিয়ে জোর চর্চা চলছে খোদ সরকারি অলিন্দে।
তবে সরকারের এই আকস্মিক পদক্ষেপে রাজনৈতিক অভিসন্ধি দেখছে কংগ্রেস-সহ বিরোধী শিবির। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, নির্বাচনের মুখে রাজনৈতিক সুবিধা পেতেই এই তড়িঘড়ি সেশন ডাকা হচ্ছে। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ইতিমধ্যেই চিঠি লিখে ২৯ এপ্রিল সর্বদলীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন। খাড়গের স্পষ্ট বক্তব্য, “আমরা মহিলা সংরক্ষণের বিরোধী নই, কিন্তু আপনারা নির্বাচনে ফায়দা লুটতে এই বিশেষ অধিবেশন ডাকছেন। সদিচ্ছা থাকলে চলতি অধিবেশনেই বিলটি আনা যেত।”
পাল্টা জবাবে রিজিজু জানিয়েছেন, এটি নির্বাচনের বিষয় নয়, বরং মহিলাদের অধিকার রক্ষাই সরকারের অগ্রাধিকার। বিরোধীদের আপত্তির মাঝেই ১৬-১৮ এপ্রিলের বিশেষ অধিবেশন নিয়ে জল্পনা এখন তুঙ্গে। নির্বাচনী আবহে এই বিল পাশ হলে তা শাসক দলের জন্য বড় মাইলেজ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।





