আসন্ন নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবছরের রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করেছেন। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএ-র পরিমাণ ১৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ২২ শতাংশে।
গত বছর ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতার বিপুল ফারাক নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল কর্মীমহলে। বর্তমানে কেন্দ্রের কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পান, অর্থাৎ ফারাক ছিল ৪০ শতাংশ। এদিনের ৪ শতাংশ বৃদ্ধির ফলে সেই ব্যবধান সামান্য হলেও কমল। নতুন এই ঘোষণা অনুযায়ী, রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীরাও বর্ধিত হারে এই সুবিধা পাবেন।
উল্লেখ্য, ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল যে, ডিএ কর্মীদের মৌলিক অধিকার এবং তা কেন্দ্রীয় হারেই পাওয়া উচিত। যদিও সুপ্রিম কোর্টে এই মামলা এখনও বিচারাধীন, তবে ভোটের মুখে নবান্নের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, সীমিত আর্থিক সংস্থানের মধ্যেও কর্মীদের স্বার্থের কথা ভেবেই এই অতিরিক্ত বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও বিরোধী শিবিরের দাবি, কেন্দ্রের সঙ্গে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পরও ৩৬ শতাংশের ফারাক রয়েই গেল।