ভোটের মুখে ফের মন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ! বহরমপুরে শান্তনু ঠাকুরের কনভয়ে দুর্ঘটনায় তীব্র উত্তেজনা!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়। শনিবার মুর্শিদাবাদের বহরমপুর থানার বলরামপুর এলাকায় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে একটি ট্রাক্টরের। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, ট্রাক্টরটির সামনের অংশ এবং কনভয়ের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক খবর অনুযায়ী, যে গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে, তাতে শান্তনু ঠাকুরের নিরাপত্তারক্ষীরা ছিলেন। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী; তাঁর কোনও চোট-আঘাত লাগেনি। ঘটনার খবর পাওয়া মাত্রই বহরমপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাক্টর চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এটি স্রেফ যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতা, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।

নির্বাচনের মুখে খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে এমন দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই বহরমপুরে অধীর চৌধুরীর কনভয়ও একইভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল। এদিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-সহ তিন জেলায় মোদীর জনসভা রয়েছে। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথেই এই বিপত্তি ঘটায় রাজনৈতিক মহলে ব্যাপক চাপানউতোর সৃষ্টি হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy