সামনেই বাংলার হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। আর তার ঠিক আগেই মহানগরের বুকে বড়সড় অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (লালবাজার)। সোমবার দুপুরে কসবা থানা এলাকার রাসবিহারী কানেক্টরে অভিযান চালিয়ে এক কুখ্যাত অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি স্কোয়াড (ARS)। ধৃতের নাম মহম্মদ ইশতিয়াক (৩৮), তিনি বিহারের গয়ার বাসিন্দা।
গোপন সূত্রে খবর ছিল, বিহার ও ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কলকাতায় ঢোকানো হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই সোমবার দুপুর থেকে সাদা পোশাকে ওত পেতে ছিলেন গোয়েন্দারা। দুপুর ১টা নাগাদ গড়িয়াহাট থেকে ইএম বাইপাসগামী একটি সন্দেহভাজন অটো থামিয়ে তল্লাশি শুরু হয়। ইশতিয়াকের ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের! ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ১টি অত্যাধুনিক সেভেন এমএম পিস্তল, ৩টি সিঙ্গল শট পিস্তল এবং ২টি সিক্স চেম্বার রিভলভার। সঙ্গে ছিল ১১ রাউন্ড তাজা কার্তুজ।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ অস্ত্র কোথায় এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, এই চক্রের শিকড় অনেক গভীরে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ভোটের মুখে শহরের নিরাপত্তা নিয়ে যখন টানটান উত্তেজনা, তখন এই অস্ত্র উদ্ধারকে বড় সাফল্য হিসেবে দেখছে লালবাজার।