ভোটের মুখে কমিশনের ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ৫ রেঞ্জের DIG বদল, নবান্নকে চরম বার্তা দিল্লির?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে নজিরবিহীন ‘ঝড়’ বইয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে এবার সরাসরি পুলিশি কাঠামোর শীর্ষস্তরে বড়সড় রদবদল করা হলো। বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে রাজ্যের ৫টি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজি (DIG)-কে অপসারণ করে নতুন আধিকারিক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি হচ্ছেন অমিত কুমার ভরত রাঠোর। মুর্শিদাবাদ রেঞ্জে দায়িত্ব নিচ্ছেন অজিত সিং যাদব এবং বর্ধমান রেঞ্জের ডিআইজি পদে আসছেন শ্রীহরি পাণ্ডে। এছাড়া প্রেসিডেন্সি রেঞ্জে কঙ্কর প্রসাদ বাডুই এবং জলপাইগুড়ি রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে অঞ্জলি সিংহকে। কমিশন স্পষ্ট জানিয়েছে, আগামী ১৯ মার্চ সকাল ১১টার মধ্যেই এই নবনিযুক্ত কর্তাদের দায়িত্ব বুঝে নিতে হবে।

উল্লেখ্য, এর আগেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়েছিল কমিশন। এমনকি রাজ্যের ১২টি জেলার এসপি এবং কলকাতার ডেপুটি কমিশনারকেও বদল করা হয়েছিল। প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে পর্যবেক্ষক হিসেবে তামিলনাড়ুতে পাঠিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের নতুন এডিজি করা হয়েছে কে জয়রামনকে এবং দক্ষিণবঙ্গের এডিজি পদে আসছেন রাজেশ কুমার সিং। কমিশনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, “ঈদের মুখে কেন এই রদবদল? অশুভ আঁতাতের লক্ষ্যেই কি এই চাল?” পাল্টা জবাবে বিজেপি জানিয়েছে, নির্বাচনকে প্রভাবমুক্ত করতেই কমিশনের এই কঠোর পদক্ষেপ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy