রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের রণংদেহি মেজাজে কেন্দ্রীয় এজেন্সি। রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সাতসকালে কলকাতা-সহ রাজ্যের ১২টি জায়গায় একযোগে অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ভোটের ঠিক দুই সপ্তাহ আগে ইডির এই ‘অতিসক্রিয়তা’ বঙ্গ রাজনীতির পারদ একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এদিন ভোর থেকে কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ এবং বনগাঁর একাধিক ডেরায় হানা দিয়েছেন আধিকারিকরা। তদন্তকারীদের র্যাডারে রয়েছেন শহরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী। বিশেষ করে লর্ড সিনহা রোডের এক ব্যবসায়ীর বাড়ি, মিন্টো পার্কের একাধিক অফিস এবং পোদ্দার কোর্টে জোরদার তল্লাশি চলছে। জানা গিয়েছে, এই মামলায় আগে ধৃতদের জেরা করেই এই নতুন নেটওয়ার্কের হদিস মিলেছে।
২০২০ সালে নদিয়ায় আটা কালোবাজারির সূত্র ধরে এই মেগা দুর্নীতির পর্দাফাঁস হয়েছিল। অভিযোগ, রেশনের প্রায় ২০-৪০ শতাংশ সামগ্রী পাচার করে খোলা বাজারে বিক্রি করা হতো। এই মামলায় ইতিপূর্বে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আঢ্য ও বাকিবুর রহমানের মতো হেভিওয়েটরা গ্রেফতার হলেও তারা এখন জামিনে মুক্ত। তবে নির্বাচনের মুখে নতুন করে এই অভিযান প্রমাণ করছে, দুর্নীতির শিকড় উপড়াতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা।





