ভোটের পরই চমক, দেশের নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কবে শপথ নিতে চলেছেন

১২ সেপ্টেম্বর শপথ নিতে চলেছেন দেশের ১৫তম উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফার পর এই পদটি শূন্য হয়েছিল। এবার সেই পদে আসীন হচ্ছেন রাধাকৃষ্ণন।
এনডিএ প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি এই সম্মান অর্জন করেছেন। নির্বাচনে তিনি ইন্ডিয়া জোটের প্রার্থী বি. সুদর্শনের থেকে ১৫২ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে ছিলেন। রাধাকৃষ্ণন পেয়েছেন মোট ৪৫২ ভোট, যেখানে সুদর্শনের ঝুলিতে এসেছে মাত্র ৩০০ ভোট। এই নির্বাচনে মোট ৭৬৭ জন সাংসদ ভোট দিয়েছিলেন, যার মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে। তবে বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদের ভোটদানের পরও সুদর্শনের পক্ষে মাত্র ৩০০ ভোট আসায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। বিরোধী দলের ১৫ জন সাংসদের ভোট কোন দিকে গেল, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা বেজে পাঁচ মিনিটে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে রাধাকৃষ্ণন শপথ নেবেন বলে জানা গেছে।