ভোটের আগে রক্তাক্ত গঙ্গাসাগর! সাতসকালে বিজেপি নেতাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি

ভোটের বাদ্যি বাজতেই ফের রক্ত ঝরল রাজ্যে। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গঙ্গাসাগর উপকূল থানার শ্রীধাম বাসস্ট্যান্ড এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ৮টা নাগাদ ত্রিলোকেশবাবু যখন বাসস্ট্যান্ডের কাছে ছিলেন, তখন দুই বাইক আরোহী দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তের মেয়ে, যিনি নিজে একজন পঞ্চায়েত সদস্য, সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি, বিজেপি করার অপরাধেই তাঁর বাবাকে খুনের চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসির বরখাস্তের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy