২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বাংলায় নজিরবিহীন কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে সরানোর পর এবার বড়সড় কোপ পড়ল জেলা প্রশাসনে। বুধবার বিকেলে কমিশনের তরফে এক নির্দেশিকায় রাজ্যের মোট ১৩ জন জেলাশাসককে (DM) একযোগে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে রাজ্যের বর্তমান মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে পাঠানো ওই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচনী স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ। যে জেলাগুলিতে জেলাশাসকদের সরানো হয়েছে, সেখানে দ্রুত নতুন আধিকারিক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। এর আগে একাধিক আইপিএস এবং পুলিশ সুপার পদমর্যাদার অফিসারদের সরিয়ে কমিশন বুঝিয়ে দিয়েছিল যে, ভোটের কাজে বিন্দুমাত্র গাফিলতি সহ্য করা হবে না। এবার সরাসরি জেলাস্তরের শীর্ষ আধিকারিকদের ওপর এই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নবান্ন সূত্রের খবর, কমিশনের এই সিদ্ধান্তের ফলে একাধিক জেলার নির্বাচনী প্রস্তুতিতে আমূল বদল আসতে চলেছে। বিরোধীরা একে স্বাগত জানালেও, শাসক শিবিরের অন্দরে অস্বস্তি বাড়ছে।