ভোটের আগে আরপিএফ-এর অ্যাকশন! হাওড়া ও শালিমারে উদ্ধার লক্ষ লক্ষ নগদ ও বিদেশি মুদ্রা

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে জারি হয়েছে আদর্শ আচরণবিধি (MCC)। আর এই পরিস্থিতিতে রেলপথে যে কোনও ধরণের অবৈধ পাচার ও অনৈতিক কার্যকলাপ রুখতে কোমর বেঁধে নেমেছে রেল সুরক্ষা বাহিনী (RPF)। সম্প্রতি হাওড়া ও শালিমার স্টেশনে আরপিএফ-এর অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা ও বিদেশি মুদ্রা।

হাওড়া স্টেশনে তল্লাশি চালানোর সময় এক ব্যক্তির থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকার হিসাব-বহির্ভূত নগদ উদ্ধার করেন আধিকারিকরা। অন্যদিকে, শালিমার স্টেশনে ২৩ লক্ষ ৬৩ হাজার ৮৬৫ টাকা মূল্যের বিপুল বিদেশি মুদ্রা-সহ আরও একজনকে আটক করা হয়েছে। দুই ক্ষেত্রেই ধৃতদের এবং উদ্ধারকৃত অর্থ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

শুধু নগদ অর্থই নয়, আরপিএফ-এর বিশেষ দল বিভিন্ন স্টেশনে অভিযান চালিয়ে উদ্ধার করেছে প্রচুর পরিমাণ গাঁজা। নিউ জলপাইগুড়ি থেকে ৯ কেজি (মূল্য ৪.৫ লক্ষ টাকা), হাতিয়া থেকে ১৬.৯ কেজি (মূল্য ৮.৪৫ লক্ষ টাকা) এবং টাটানগর স্টেশন থেকে ১৮.৭৫ লক্ষ টাকা মূল্যের ৩৭.৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচনের আগে আরপিএফ-এর এই সক্রিয়তা অপরাধচক্রের ওপর বড়সড় আঘাত বলেই মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy