ভোটের আগেই রক্তাত্ব ভাঙড়! চালতাবেড়িয়ায় মাঝরাতে ভয়াবহ বোমা বিস্ফোরণ, উড়ল আইএসএফ নেতার ঘুম

বিধানসভা ভোটের এখনও এক মাস বাকি, কিন্তু তার আগেই বারুদের গন্ধে ভারী হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। গভীর রাতে চালতাবেড়িয়ায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। স্থানীয়দের অভিযোগ, ভোট যত এগিয়ে আসছে, ভাঙড়ের জমি দখলের লড়াই ততই হিংসাত্মক হয়ে উঠছে।

বিস্ফোরণকে কেন্দ্র করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) এবং তৃণমূলের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। আইএসএফ নেতা আবুল খয়ের মোল্লার দাবি, তৃণমূল নেতা অহিদুল মোল্লার অনুগামীরা বাইরের লোক নিয়ে এসে বোমা বাঁধছিল, তখনই এই দুর্ঘটনা ঘটে।

আইএসএফ নেতা আবুল খয়ের মোল্লা বলেন: “রাত ১১টা নাগাদ যখন আমি চুল-দাড়ি কাটতে গিয়েছিলাম, তখনই বিকট শব্দ পাই। অহিদুল ইসলাম তৃণমূলের লোক, ওরাই বাইরে থেকে লোক এনে বোমা মজুত করছিল। আজ সকালে শাসকদলের হার্মাদরা আমার ওপর হামলাও চালিয়েছে।”

ভাঙড়ের রাজনীতিতে এখন ‘রোলার কোস্টার’ চলছে। দীর্ঘদিনের দাপুটে নেতা আরাবুল ইসলাম তৃণমূলের ওপর ক্ষোভ উগরে দল ছেড়েছেন। জল্পনা তুঙ্গে, তিনি কি এবার আইএসএফ-এ যোগ দেবেন? অন্যদিকে, ২০২১-এর লোকসভা নির্বাচনে এই ভাঙড় ছিনিয়ে নিয়েছিল আইএসএফ। হারানো জমি ফিরে পেতে তৃণমূল এবার ভরসা রেখেছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ওপর।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবার ভাঙড়ে লড়াই হবে মূলত শওকত মোল্লা বনাম নওশাদ সিদ্দিকীর (যদিও আইএসএফ এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি)।

বিস্ফোরণের অভিযোগ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে এলাকা দখলকে কেন্দ্র করে চালতাবেড়িয়া এখন কার্যত থমথমে। নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায়, তার জন্য এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

ভোটের দিন ঘোষণার পর থেকেই ভাঙড় যেভাবে উত্তপ্ত হচ্ছে, তাতে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কমিশনের ‘চোখ-কান’ হিসেবে কাজ করা অবজার্ভাররা ভাঙড়ের এই রিপোর্টকে কতটা গুরুত্ব দেবেন, সেটাই এখন দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy