ভোটার স্লিপ পাননি? দুশ্চিন্তা ছাড়ুন, মোবাইল থাকলেই কেল্লাফতে; ভোটদানের আগে জানুন এই গোপন ট্রিক!

প্রথম দফার রেকর্ড ভাঙা ৯২ শতাংশ ভোটদানের পর এবার নজর দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাজতে চলেছে যুদ্ধের দামামা। কিন্তু ভোটকেন্দ্রে যাওয়ার আগে আপনার পকেটে ভোটার স্লিপ আছে তো? এবারের নির্বাচনে নিয়মে বড় বদল এনেছে কমিশন। এবার আর কোনো রাজনৈতিক দলের কর্মী আপনার বাড়িতে ভোটার স্লিপ পৌঁছে দেবে না; এই দায়িত্ব দেওয়া হয়েছে সরাসরি বিএলও (BLO)-দের। তবে সমস্যা হলো, ভোট দোরগোড়ায় কড়া নাড়লেও এখনও অনেকের হাতে পৌঁছায়নি সেই স্লিপ। চিন্তার কিছু নেই, ডিজিটাল ইন্ডিয়ার যুগে এখন ঘরে বসেই জেনে নিতে পারবেন আপনার পার্ট ও সিরিয়াল নম্বর।

স্মার্টফোনেই মিলবে সমাধান
ভোটার স্লিপ না থাকলেও আপনি সহজে নিজের তথ্য জানতে পারবেন। এর জন্য প্রথমেই ভিজিট করুন voters.eci.gov.in পোর্টালে। সেখানে গিয়ে ‘Search Your Name in Voter List’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বর অথবা এপিক (EPIC) কার্ডের নম্বর দিয়ে সার্চ করুন। ক্যাপচা কোড দিলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার নাম, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর। এটি স্ক্রিনশট নিয়ে বা প্রিন্ট করে আপনি অনায়াসেই ভোটকেন্দ্রে যেতে পারেন। এছাড়া এলাকাভিত্তিক বিএলও-র সাথে যোগাযোগ করেও স্লিপ সংগ্রহ করা সম্ভব।

এক নজরে প্রথম দফার খতিয়ান
গতকালে সমাপ্ত প্রথম দফার ভোট ছিল বর্ণময়। ১৬টি জেলার ১৫২টি আসনে ৪৪ হাজার ৩৭৬টি বুথে ভোটগ্রহণ হয়েছে। লড়াইতে ছিলেন ১,৪৭৮ জন প্রার্থী, যার মধ্যে ১৬৭ জন মহিলা। কমিশনের তথ্য অনুযায়ী, আয়তনের নিরিখে সবথেকে বড় কেন্দ্র কালিম্পং এবং ছোট কেন্দ্র শিলিগুড়ি। আবার ভোটার সংখ্যার বিচারে সবথেকে বড় কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের দাসপুর (২ লক্ষ ৯৬ হাজার ভোটার) এবং সবথেকে ছোট মুর্শিদাবাদের সামশেরগঞ্জ (১ লক্ষ ৬১ হাজার ভোটার)।