ভোটার লিস্ট সংশোধনে ফর্ম পাননি? কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানান এই নম্বরে- WhatsApp, Email, Call-এর ব্যবস্থা

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধনের সময় মোবাইল ফোনে OTP (One-Time Password) চেয়ে জালিয়াতির অভিযোগ ওঠায় জরুরি পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতর।
সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে CEO দফতর স্পষ্টভাবে জানিয়েছে: ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়ার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর বা জাতীয় নির্বাচন কমিশন কেউই কোনো মোবাইল নম্বরে OTP চাচ্ছে না।
এর আগে অভিযোগ উঠেছিল যে, কমিশনের নাম ভাঙিয়ে একটি চক্র বহু মোবাইল ফোনে ভুয়ো OTP পাঠাচ্ছে এবং SIR প্রক্রিয়ার জন্য তা জরুরি বলে দাবি করছে। অনেকেই সরল বিশ্বাসে সেই ভুয়ো নম্বর বলে দিচ্ছেন। মনে করা হচ্ছে, এই চক্রটি অসাধু উপায়ে টাকা পয়সা হাতানোর উদ্দেশ্যেই এই কাজ করছে। কমিশন তাই দ্রুত জনসাধারণকে সতর্ক করেছে।
জাতীয় নির্বাচন কমিশনারের বৈঠক ও নির্দেশ
অন্যদিকে, SIR প্রক্রিয়া কেমন চলছে, তা নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনার ১২টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। অন্যান্য রাজ্যের সঙ্গে রাজ্যের SIR প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের থেকে বিস্তারিত রিপোর্ট নিয়েছেন কমিশনার। কমিশন সূত্রে খবর, আপাতত রাজ্যের SIR প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনার সন্তোষ প্রকাশ করেছেন। তবে, বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়ার কাজ শেষ হলেও যাতে দ্রুত আপলোডিং-এর প্রক্রিয়াও শেষ করা হয়, সে বিষয়ে এদিন বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন।
SIR ফর্ম না পেলে অভিযোগ জানানোর বিশেষ ব্যবস্থা
SIR প্রক্রিয়া চলাকালীন সাধারণ ভোটারদের সুবিধার্থে অভিযোগ জানানোর জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। SIR ফর্ম না পেলে বা প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ থাকলে, তার জন্য WhatsApp নম্বর, ইমেল আইডি এবং টেলিফোন নম্বরের ব্যবস্থা করা হয়েছে:
WhatsApp নম্বর: 9830078250
টেলিফোন নম্বর: 1950, 22310850
হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে।