ভোটার তালিকা থেকে নাম বাদ! আতঙ্কে ট্রাইবুনালের লাইনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ

রাজ্যে আবারও এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের আতঙ্ক কেড়ে নিল এক তরতাজা প্রাণ। বৃহস্পতিবার রানাঘাট মহকুমা শাসকের দফতরে লাইনে দাঁড়িয়ে থাকাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হল ৬৮ বছর বয়সী বৃদ্ধ জীবনকৃষ্ণ বিশ্বাসের। নদিয়ার হাঁসখালি থানার বগুলার বাসিন্দা ওই বৃদ্ধ নিজের ও মেয়ের নাম ভোটার তালিকায় ফেরাতে ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছিলেন।

পরিবার সূত্রে খবর, ভোটার তালিকায় পরিবারের বাকিদের নাম থাকলেও জীবনকৃষ্ণবাবু ও তাঁর এক মেয়ের নাম বাদ পড়েছিল। সেই দুশ্চিন্তাতেই দিন কাটছিল তাঁর। এদিন সকালে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রানাঘাট এসডিও অফিসে লাইনে দাঁড়ান তিনি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ধকল এবং মানসিক উদ্বেগের জেরে আচমকাই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃতের কন্যা চম্পা বিশ্বাসের দাবি, তাঁর বাবার মৃত্যুর জন্য সরাসরি দায়ী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয়। পরিযায়ী শ্রমিক সন্তানদের অনুপস্থিতিতে মেয়েরাই দেখভাল করতেন বাবাকে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, এর আগেও রাজ্যে ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা ও এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy