ভোটার তালিকায় নাম নেই বা ভুলবশত নাম কেটে দেওয়া হয়েছে? এবার সেই সমস্যার সমাধানে ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করল নির্বাচন কমিশন। সবচেয়ে বড় চমক হলো, এই ট্রাইব্যুনালগুলির দায়িত্বে থাকছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিত কুমার বাগ ও সমাপ্তি চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্ট আইনজ্ঞরা। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার জন্য মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারক এই আইনি লড়াইয়ের নিষ্পত্তি করবেন।
সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেই সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। আবেদনের পদ্ধতি রাখা হয়েছে অত্যন্ত সহজ—অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই। ‘ECI NET’ মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM) বা মহকুমাশাসকের (SDO) দফতরে গিয়ে অফলাইনেও আপিল করা সম্ভব। সমস্ত অভিযোগের নিষ্পত্তি হয়ে গেলেই এই ট্রাইব্যুনালগুলি বিলুপ্ত হয়ে যাবে।
একনজরে জেলাভিত্তিক বিচারকদের তালিকা:
উত্তর ২৪ পরগনা ও কলকাতা: প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও প্রদীপ্ত রায়।
দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি: রঞ্জিত কুমার বাগ ও সমাপ্তি চট্টোপাধ্যায়।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: তপেন সেন ও অনিন্দিতা রায় সরস্বতী।
উত্তরবঙ্গ (দার্জিলিং, জলপাইগুড়ি প্রভৃতি): দীপক সাহা রায় ও প্রণব কুমার দেব।
মুর্শিদাবাদ: ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় ও বিশ্বজিৎ বসু।
অন্যান্য জেলা: রঘুনাথ রায় (নদিয়া), অশোক কুমার দাসাধিকারী (হাওড়া), তৌফিক উদ্দিন (দঃ দিনাজপুর) প্রমুখ।