ভোটার তালিকা থেকে দেদার নাম বাদ! আমজনতার ভোগান্তি রুখতে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ যাওয়া নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। নির্বাচন কমিশনের প্রকাশিত পরিপূরক তালিকা থেকে শয়ে শয়ে নাগরিকের নাম গায়েব হওয়ার অভিযোগে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের হয়রানি কমাতে এবং আবেদন প্রক্রিয়া আরও সরল করতে একগুচ্ছ দাবি সম্বলিত একটি বিস্তারিত চিঠি পাঠিয়েছে শাসক দল।

তৃণমূলের প্রধান দাবি হল, শুধুমাত্র অনলাইন নয়, ট্রাইব্যুনালে আবেদনের ক্ষেত্রে ‘অফলাইন’ ব্যবস্থা চালু করতে হবে। গ্রামের সাধারণ মানুষ যারা প্রযুক্তিতে সড়গড় নন, তাঁদের সুবিধার্থেই এই আর্জি। পাশাপাশি, চিঠিতে প্রস্তাব দেওয়া হয়েছে যে শুধুমাত্র জেলাশাসক বা মহকুমা শাসকের দপ্তরে নয়, প্রতিটি ব্লকের বিডিও (BDO) অফিসেও যাতে আবেদন জমা নেওয়া এবং শুনানির ব্যবস্থা করা হয়। তৃণমূলের মতে, এতে প্রান্তিক ও গ্রামীণ এলাকার মানুষের ভোগান্তি কমবে। এছাড়াও, ট্রাইব্যুনালের শুনানির তারিখ আগে থেকে জানানো, সশরীরে উপস্থিত হওয়ার বিকল্প রাখা এবং প্রতিদিনের ভিত্তিতে আপিলের ফলাফল প্রকাশের দাবি জানানো হয়েছে। ভোট শিয়রে থাকায় পুরো আইনি প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুততার সঙ্গে শেষ করার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছে রাজ্যের শাসক দল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy