‘ভোটার কেনা হয়েছে ৪০ হাজার কোটি টাকা খরচ করে’, জন সুরাজ পার্টির ব্যর্থতার দায় নিয়ে বিহার নির্বাচনে এনডিএ-র জয় বিশ্লেষণ প্রশান্ত কিশোরের

বিহার বিধানসভা নির্বাচনে তাঁর নবগঠিত জন সুরাজ পার্টি একটিও আসন জিততে পারেনি। ফল ঘোষণার পাঁচ দিনের মাথায় সাংবাদিক সম্মেলনে এসে দলের এই ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)। তাঁর মতে, এনডিএ-র বিপুল জয়ের নেপথ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) বা শুধু ১০ হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর কারণ জোরালো নয়।

পিকে-র দাবি, এনডিএ সরকার জনগণের প্রায় ৪০ হাজার কোটি টাকা খরচ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট কিনেছে। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, নির্বাচনের ঠিক আগে প্রতিটি বিধানসভা কেন্দ্রের ৬০ হাজারেরও বেশি উপভোক্তাকে ১০ হাজার টাকা করে দেওয়া এবং সেই সঙ্গে স্বনির্ভর প্রকল্পের আওতায় ১.৫ কোটি মহিলাদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি—এটাই এনডিএ-র জয়ের মূল কারণ।

প্রশান্ত কিশোর বলেন, “এই প্রথম বিহার নির্বাচনে এমন ঘটল। জনগণের ৪০ হাজার কোটি টাকা খরচ করার প্রতিশ্রুতি দিয়েছিল এনডিএ সরকার। আমার মনে হয়, এটাই এনডিএ-র জয়ের পিছনে একমাত্র কারণ। ১০ হাজার টাকা দিয়ে ভোট কিনেছে এনডিএ, এই নিয়ে খুব আলোচনা হচ্ছে, কিন্তু এটা সঠিক কারণ নয়।” তাঁর দাবি, শুধু ১০ হাজার টাকা দিয়ে ভোট না কিনলে জেডি(ইউ) ২৫টার বেশি আসনে জয়ী হতে পারত না।

ব্যর্থতার দায় ও লড়াইয়ের বার্তা:

জন সুরাজ পার্টির ব্যর্থতা নিয়ে পিকে বলেন, “আমাদের কোনও প্রার্থীই বিধানসভায় যাচ্ছেন না। জনাদেশ আমাদের বলছে, মানুষের মধ্যে যাও এবং সংগ্রাম করো।” তিনি স্বীকার করেন যে, দল মানুষকে বোঝানোর সৎ প্রচেষ্টা করলেও ব্যর্থ হয়েছে।

লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে তিনি ইংরেজি প্রবাদ উল্লেখ করেন—”You are not defeated until you quit” (বাংলা তর্জমা- আপনি যতক্ষণ না ময়দান ছেড়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত পরাজিত নন)। তিনি যোগ করেন, “আমরা হয়তো ভুল করেছি, কিন্তু বিভাজনের রাজনীতি করার অপরাধ করিনি। নিরপরাধ মানুষের ভোটও কিনিনি।”

‘আমি বিহারকে বুঝতে ভুল করেছি’:

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর স্বীকার করেন যে তিনি বিহারকে বুঝতে ভুল করেছেন। তিনি বলেন, “হ্যাঁ, আমি বিহারকে বুঝতে ভুল করেছি। নীতীশ কুমার, বিজেপি নেতা সম্রাট চৌধরী এবং অন্যরা যেভাবে জাতপাত-ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজিত করেছেন এবং টাকা দিয়ে ভোট কিনেছেন সেটা আমি পারিনা।”

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “ভোট না-পাওয়া তো কোনও অপরাধ নয়। আমি অন্তত দুর্নীতি বা বিভাজনের রাজনীতিতে মদত দিইনি।” তিনি আরও চ্যালেঞ্জ জানান, “আমি রাজনীতি ছেড়ে দেব, যদি এনডিএ সরকার আগামী নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করে এবং ১.৫ কোটি মহিলাদের স্বর্নিভরতা প্রকল্পের আওতায় ২ লক্ষ টাকা করে দেয়।”