ভোটের ময়দানে এবার ভিন্ন মেজাজে ধরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। শুক্রবার সন্ধ্যায় পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারির সমর্থনে রোড শো এবং পথসভা সেরে ফেরার পথে আচমকাই একটি চায়ের দোকানে ঢুকে পড়েন তিনি। সেখানে কেবল চা খেয়েই ক্ষান্ত হননি, রীতিমতো চায়ের দোকানে ঢুকে নিজে হাতে চা বানিয়ে দোকানদারকে খাইয়ে ও মালা পরিয়ে অবাক করে দেন উপস্থিত জনতাকে।
নিজের এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “আপনি যেখানেই যান না কেন, ছোটবেলার স্মৃতি যখনই চোখের সামনে ভেসে ওঠে, তাকে আঁকড়ে ধরার আনন্দই আলাদা। এই আনন্দই আগামী কয়েক দিনের কাজের রসদ বা ডিজেল-পেট্রোলের জোগান দিয়ে দেয়। চায়ের দোকানে বসে টিফিন কেক আর চা খাওয়ার এই মুহূর্ত আমাকে আমার ছোটবেলার ব্যান্ডেলের দিনগুলো মনে করিয়ে দিচ্ছে।”
উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটারদের মন জয় করতে তৃণমূল প্রার্থীদের মধ্যে অভিনব কৌশলের হিড়িক দেখা গিয়েছে। এর আগে পুরশুড়ার প্রার্থী পার্থ হাজারি নিজে এক ভোটারের রান্নাঘরে ঢুকে রুটি বেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। এবার তাঁরই সমর্থনে প্রচারে এসে বাবুল সুপ্রিয়র ‘চা-চক্র’ রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। আমজনতার সঙ্গে একাত্ম হতে নেতাদের এই ‘হেঁশেল নীতি’ ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।





